ব্যবহারের শর্ত
শেষ হালনাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৬
অভীক্ষা কে চালায়, কী ফ্রি, প্রশ্ন কোথা থেকে আসে, আর কোনটা আমাদের নয় — সোজা কথায়।
কে চালায়
অভীক্ষা চালান রোকন জামান, বাংলাদেশ থেকে। যোগাযোগের সবচেয়ে দ্রুত পথ ইমেইল — ঠিকানা নিচে দেওয়া আছে।
hi@rzamann.com
কী ফ্রি, কী গোনা হয়
- লগইন না করে ২টি আলাদা প্রশ্নপত্র বানাতে পারবেন। তারপর চালিয়ে যেতে Google দিয়ে লগইন করতে হবে।
- লগইনের পর প্রতি মাসে ৩টি প্রশ্নপত্র ফ্রি।
- একটা প্রশ্নপত্রকে একবারই গোনা হয় — একই প্রশ্নপত্র আবার খুললে, সম্পাদনা করলে বা আবার প্রিন্ট করলে নতুন করে গোনা হয় না।
- এই হিসাব একটা সীমা, কঠোর পাহারা নয়। ফাঁকি দেওয়া সম্ভব; অনুরোধ, দেবেন না।
টাকা এখনো নেওয়া হয় না
অভীক্ষা প্রো (৳৯৯/মাস) ঘোষণা করা আছে, কিন্তু কেনার কোনো ব্যবস্থা এখনো নেই। আমরা কোনো কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য নিই না, কোনো বিল করি না। তাই আজ ফেরত দেওয়ার কিছু নেই।
পেমেন্ট চালু হলে টাকা নেওয়ার আগেই আলাদা একটি ফেরত-নীতির পাতা প্রকাশ করা হবে, আর এই অংশটি সেখানে দেখিয়ে দেবে।
প্রশ্ন কোথা থেকে আসে
প্রশ্নগুলো NCTB-র পাঠ্যবই থেকে তোলা — প্রতিটি বইয়ের সংস্করণের বছর রেকর্ড করা আছে (এখনকার বইগুলো ২০২৬)। বইয়ের প্রচ্ছদ আর প্রশ্নের সঙ্গে ছাপা ছবিগুলোও একই বই থেকে কেটে নেওয়া, যাতে শিক্ষক হাতের বইটা চিনতে পারেন।
এই বিষয়বস্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) তথা বাংলাদেশ সরকারের। আমরা এর কোনো মালিকানা দাবি করি না। যে প্রশ্নপত্র আপনি বানান, তার ওপরেও নয়।
অভীক্ষা NCTB বা কোনো সরকারি সংস্থার সঙ্গে সম্পর্কিত নয়, তাদের অনুমোদিত বা স্বীকৃতও নয়। আমরা পাঠ্যবই নিজে বিতরণ করি না — বইয়ের অনুশীলনীর প্রশ্ন শিক্ষকের প্রশ্নপত্র বানানোর জন্য এখানে তোলা আছে।
কোনো অধিকারের মালিক যদি কিছু সরিয়ে নিতে বলেন, আমরা সরিয়ে দিই। যোগাযোগের পাতায় কীভাবে জানাবেন তা লেখা আছে।
ভুল থাকতে পারে
প্রশ্ন তোলার কাজ মানুষ আর যন্ত্র মিলে হয়, তাই ভুল থাকতে পারে — বানান, সংখ্যা, এমনকি বাদ পড়া প্রশ্নও। উত্তরমালার উত্তরগুলো তৈরি করা হয়েছে এবং শিক্ষকদের যাচাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে।
পরীক্ষায় দেওয়ার আগে প্রশ্নপত্রটা একবার নিজে পড়ে নিন। ভুল পেলে জানান — উত্তরপত্রের রিপোর্ট বোতামটাই সবচেয়ে সহজ পথ।
আপনার প্রশ্নপত্র আপনার
আপনি যে প্রশ্নপত্র বানান, সেটি আপনার। আপনি নিজে যা লেখেন বা স্ক্যান করে যোগ করেন, তার ওপরেও আমরা কোনো দাবি করি না, আর সেগুলো সবার জন্য খোলা প্রশ্নব্যাংকে যোগ করা হয় না।
যা করবেন না
অল্প কয়েকটা জিনিস করবেন না:
- পুরো প্রশ্নব্যাংক নামিয়ে নেওয়া বা স্ক্র্যাপ করা।
- এই ব্যাংক নিজের পণ্য হিসেবে বিক্রি করা।
- অন্যের কপিরাইট করা বই বা প্রশ্ন এখানে তুলে সবার জন্য ছড়াতে চাওয়া।
- অ্যাপ ভাঙার বা অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা।
এমন কিছু হলে আমরা বিষয়বস্তু সরিয়ে দিতে পারি বা অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
সেবার নিশ্চয়তা নেই
অভীক্ষা যেমন আছে তেমনই দেওয়া হচ্ছে। সাইট বন্ধ থাকতে পারে, ফিচার বদলাতে পারে, তথ্যও হারাতে পারে। যে প্রশ্নপত্র আপনার দরকার, তার একটা প্রিন্ট বা PDF নিজের কাছে রাখুন।
পরীক্ষার ফল, ভুল প্রশ্ন বা সময়ে প্রিন্ট করতে না পারার দায় আমরা নিতে পারি না। আমাদের দায় সর্বোচ্চ ততটুকু, আপনি যতটা টাকা দিয়েছেন — আজ যা শূন্য।
অ্যাকাউন্ট বন্ধ করা
ব্যবহার বন্ধ করতে চাইলে শুধু থেমে যান। অ্যাকাউন্ট আর তার সব তথ্য মুছে ফেলতে ইমেইল করুন — কী মুছে যায় তা গোপনীয়তা নীতিতে লেখা আছে।
hi@rzamann.com
আইন
অভীক্ষা বাংলাদেশ থেকে চালানো হয় এবং বাংলাদেশের আইন এর ক্ষেত্রে প্রযোজ্য।
শর্ত বদলালে
শর্ত বদলালে উপরের তারিখটা বদলাবে। বদলের পরেও ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্তে রাজি।